সিকৃবির বার্ষিক গবেষণা কর্মশালা শুরু || উপস্থাপিত হবে ৫০টি গবেষণা প্রকল্পের ফলাফল

প্রকাশিত August 1, 2022
সিকৃবির বার্ষিক গবেষণা কর্মশালা শুরু || উপস্থাপিত হবে ৫০টি গবেষণা প্রকল্পের ফলাফল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ম বার্ষিক গবেষণা কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকালে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা উদ্বোধন করেন, সিকৃবির উপাচার্য অধ্যাপক ড মো মতিয়ার রহমান হাওলাদার।
উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সহযোগী পরিচালক অধ্যাপক ড মো মাহফুজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ।
দুই দিনব্যপী কর্মশালায় থাকছে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের গবেষকদের গবেষণা নিয়ে ৬টি পৃথক টেকনিক্যাল সেশন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো সহ অন্যান্য সংস্থার অর্থায়নে পরিচালিত মোট ৫০টি গবেষণা প্রকল্পের ফলাফল এই কর্মশালায় উপস্থাপিত হবে।
উপাচার্য অধ্যাপক ড মো মতিয়ার রহমান হাওলাদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। আগের চেয়ে এখন গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণও বেশি। ফলে উন্নতমানের গবেষণা প্রকল্প পরিচালনা সম্ভব হচ্ছে।
তিনি সিকৃবির তরুণ শিক্ষকদেরও গবেষণায় মনোনিবেশ করার আহবান জানান।-সংবাদদাতা