সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবির সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রফেসর ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের কুশপুত্তলিকাও দাহ করা হয়।
বৃহস্পতিবার, ৩ অক্টোবর (১৮ আশ্বিন) সিকৃবির প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিকৃবির সমন্বয়ক মো আজিজুল হক, মো আল হোসাইন, কর্মচারী প্রতিনিধি মো ফয়েজ আহম্মেদ, মো আবদুল হামিদ, মো শাহাব উদ্দিন, কর্মকর্তা প্রতিনিধি গাজী মো জহিরুল ইসলাম, মো নেয়ামত উল্যাহ, শিক্ষক প্রতিনিধি প্রফেসর ড সামিউল আহসান তালুকদার, প্রফেসর ড. মাছুদুর রহমান, প্রফেসর ড এম রাশেদ হাসনাত, প্রফেসর ড মাহবুব-ই-ইলাহী, প্রফেসর ড মো ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড মো মোজাম্মেল হক, প্রফেসর ড এমদাদুল হক, প্রফেসর ড সুলতান আহমেদ, প্রফেসর ড নজরুল ইসলাম, প্রফেসর ড মাহবুব ইকবাল, প্রফেসর ড মো কাওসার হোসেন, প্রফেসর ড নাসরিন সুলতানা লাকী, প্রফেসর ড আব্দুল আজিজ ও প্রফেসর মো আতাউর রহমান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে কয়েকজন বক্তব্য রাখেন।
বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ড মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী প্রফেসর ড সৈয়দ সায়েম উদ্দিনকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানান।
তারা জানান, সিকৃবির এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের শিক্ষক আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ-গশিপের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আজীবন সদস্য, গশিপ মনোনীত প্যানেল থেকে বিএনপিপন্থী সাদা দলকে ভয় দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, সাবেক পরিচালক গবেষণা প্রফেসর ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ একজন কট্টর আওয়ামী সমর্থক। তিনি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ৪ আগস্ট আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আওয়ামী সমর্থিত শিক্ষকদের শান্তি সমাবেশের উদ্যোক্তা ছিলেন তিনি। পতিত সরকারের আমলে সিকৃবিতে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ উপাচার্যদের ব্যবহার করে তিনি সিকৃবিতে নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজির স্থাপন করেন।
তারা বলেন, প্রফেসর ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদকে হকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান জুলাই-আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানি করার সামিল। এই নিয়োগ কোনভাবে মেনে নেওয়া যায় না।
বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে প্রফেসর ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের কুশপুত্তলিকা দাহ ও তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি