নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সাহিত্য জাতির দর্পণ। উন্নত দেশ ও জাতি প্রতিষ্ঠায় সাহিত্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। জাতির সমৃদ্ধি-অগ্রগতির প্রকাশও ঘটে সাহিত্যকর্মে। তাই সাহিত্যচর্চা অপরিহার্য। তবে সবার পক্ষে তা সম্ভব নয়। কারণ সাহিত্য উপলব্ধির বিষয়। সাহিত্যে মানুষের চিন্তা, চেতনা, অনুভূতি ও উপলব্ধি প্রস্ফূটিত হয়।
তিনি আরও বলেছেন, সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে; কিন্তু সাহিত্য টিকে থাকে। ইতিহাস সাহিত্যের অংশ। নিজেকে চিনতে নিজের দেশ ও জাতির ইতিহাস জানতে হবে।
বুধবার বিকেলে বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠানে ড মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, জেলা পর্যায়ে সাহিত্য মেলা যেমনি লেখকদেরকে একত্রিত করছে-সাহিত্যচর্চায় উৎসাহিত করছে তেমনি নতুন প্রজন্মকে ঘুণে ধরা সমাজব্যব্যবস্থা পরিবর্তন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠান অনুপ্রাণিত করছে।
সিলেট জেলা ক্রীড়া ভবন চত্বরে দুদিনের এই মেলার আয়োজন করা হয়েছিল।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন কবি এ কে শেরাম। সঞ্চালনায় ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত। পরে নিবন্ধিত লেখকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাজমা পারভীন ও রুহেনা সুলতানার সঞ্চালনায় এতে আবৃত্তি, নৃত্য ও বাউল গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।