সার-বীজের সহজ প্রাপ্যতায় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৪ গুণ : বিভাগীয় কমিশনার

প্রকাশিত November 22, 2023
সার-বীজের সহজ প্রাপ্যতায় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৪ গুণ : বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, দেশে ২০০৬ সালের থেকে সামগ্রিক কৃষিতে উৎপাদন প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এর কারণ সার-বীজের সহজ প্রাপ্যতা। উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার-বীজসহ অন্যান্য কৃষি উপকরণে ভর্তুকি দিয়ে যাচ্ছেন, যা আগে কখনও হয়নি।
মঙ্গলবার, ২১ নভেম্বর সিলেটে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর আমন ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীর কম্বাইন হারভেস্টার দিয়ে শস্য কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, সরকারের কৃষির উপর বিশেষ জোর দেওয়ার কারণে কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যা হলেই কৃষকরা হাতের কাছেই কৃষি কর্মকর্তাদের পেয়ে যাচ্ছেন।
এ সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে অপার সম্ভাবনার কৃষিকে সম্পদে রূপান্তর করতে তিনি কৃষকদেরকে পরামর্শ দেন।
বিভাগীয় কমিশনার রাজশাহী-যশোরসহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেট অঞ্চলে উন্নত কৃষি প্রযুক্তির বিস্তার করতে সিলেট আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে অনুরোধ জানান।
পরে বিভাগীয় কমিশনার স্থানীয় কৃষকের ধান কাটা ও জমিতে শস্য বীজ বপন কার্যক্রম উদ্বোধন করেন। পিআইডি সিলেট