নিজস্ব প্রতিবেদক : ‘বাংলাদেশ আমার অহংকার’ উচ্চারণে দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখার অঙ্গীকারে উদ্দীপ্ত এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় পর্যাপ্ত টহল মোতায়েন রেখেছে।
র্যাব ৯-এর আওতাধীন সিলেট বিভাগের ৪ জেলা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জাতীয় দ্রব্য পরিবহন রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে চেকপোস্ট কার্যক্রম। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
র্যাব ৯-এর তথ্য বিবরণীতে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো গুজব ছড়াতে না পারে এবং সকল প্রকার সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য ‘সাইবার মনিটরিং সেল’ সার্বক্ষণিক তদারকি করছে।
এছাড়াও বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যাতে কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র্যাব-৯ এর বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সঙ্গে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যে কোন প্রয়োজন মোকাবেলায় র্যাব ৯-এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্সও মোতায়েন রয়েছে।
তথ্য বিবরণীতে আরও জানানো হয়েছে, র্যাব ৯-এর নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। যে কোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর রয়েছে।