সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিআইজির

প্রকাশিত September 14, 2022
সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিআইজির

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সিলেট রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক-ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেছেন- বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রীতির অনন্য উদাহরণ। এই সম্প্রীতি নষ্ট করার অধিকার কারও নেই। যেকোন মূল্যে তা বজায় রাখতে হবে।
তিনি প্রশাসন, রাজনীতিবিদ, জন প্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশসহ সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখতে ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহ্বান জানান।
বুধবার শাল্লা উপজেলা গণমিলনায়তনে শাল্লা থানা পুলিশ আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে ডিআিইজি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশে আছে। এই শাল্লায় জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণীজন। ভালবাসার বন্ধনে গর্বের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত আর সামাজিক সম্প্রীতি বজায় রেখে এক হয়ে দেশের সেবা করতে হবে।
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি তিনি অনুরোধ জানান।
সামাজিক সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও অমিতা রাণী দাশ। স্বাগত বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবুল কাশেম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী ও পূজা উদযাপন পরিষদের পক্ষে অধ্যাপক তরুণ কান্তি দাস।