সামাজিক সম্প্রীতি নষ্ট করার অধিকার কারো নেই : শাল্লায় সিলেট রেঞ্জের ডিআইজি

প্রকাশিত October 4, 2022
সামাজিক সম্প্রীতি নষ্ট করার অধিকার কারো নেই : শাল্লায় সিলেট রেঞ্জের ডিআইজি

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সিলেট রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক-ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রীতির অনন্য উদাহরণ। এই সম্প্রীতি নষ্ট করার অধিকার কারও নেই। যেকোন মূল্যে তা বজায় রাখতে হবে।
তিনি প্রশাসন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশসহ সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতেও আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত গ্রামশাল্লা বাজারে শাল্লা থানা পুলিশ আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে ডিআইজি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো আবু সুফিয়ানের সঞ্চালনায় সমাবেশে ডিআিইজি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশে আছে। এই শাল্লায় জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণীজন। ভালবাসার বন্ধনে গর্বের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত আর সামাজিক সম্প্রীতি বজায় রেখে এক হয়ে দেশের সেবা করতে হবে।
দুর্গাপূজায় আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি তিনি অনুরোধ জানান।
এর আগে ডিআইজি আলীনগর সার্বজনীন দুর্গাপূজা পরিদর্শন করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন।
সামাজিক সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার এম এ মুরাদ আলী ও শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও সাবেক চেয়ারম্যান আবুল লেইচ চৌধুরী।