নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্র খবর ‘ছেলের লাঠির আঘাতে বাবা আহত।’ অমানবিক ও অমার্জনীয় অপরাধের সংবাদ শিরোনামটি নজরে আসে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম, বার-এর। পরক্ষণেই নির্দেশনা চলে যায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে, অবিলম্বে যেন ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার, ২০ মার্চ (৬ চৈত্র) পুলিশ সুপারের নির্দেশনা পেয়েই কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ছুটে গিয়ে উপজেলার বরম সিদ্ধিপুর থেকে পিতাকে নিযাতনকারী নরাধম পুত্র লায়েক মিয়াকে (২৬) গ্রেফতার করে।
পুলিশ আহত পিতা আব্দুল জব্বারকেও (৬৫) উদ্ধার করে। পরে তিনি নিজে বাদি হয়ে নির্যাতনের ঘটনার ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
পিতাকে নির্যাতনকারী গ্রেফতারকৃত কুপুত্র লায়েক মিয়ার (২৬) বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।