বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
২০১৫ সালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার, ৩০ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার আসামিপক্ষের আইনজীবী সামছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, ২০১৫ সালের ১৮ জুলাই ঈদুল ফিতরের দিন জি কে গউছ হবিগঞ্জ কারাগারে বন্দি থাকা অবস্থায় ইলিয়াছ নামে এক বন্দি নামাজ শেষে তার উপর হামলা চালায়। তার ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করে।
এছাড়া হবিগঞ্জ সদর থানার এসআই সানাউল্লাহ বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এতে জি কে গউছের বিরুদ্ধে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো আবু জাহিরকে হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়। আদালত এ ব্যাপারে তদন্তের জন্য সদর মডেল থানায় প্রেরণ করেন। অ্যাডভোকেট সামছুল ইসলাম জানান, গত ৮ বছরে মামলার তদন্তই শেষ হয়নি। অথচ এ মামলায় হঠাৎ করেই তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত হন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জি কে গউছকে প্রধান আসামি করে ৭শ নেতা-কর্মীর বিরুদ্ধে ২১ আগস্ট পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে।
এ মামলায় মঙ্গলবার জি কে গউছ সহ হবিগঞ্জের ১৮৩ জন নেতা-কর্মী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিন নিয়ে সন্ধ্যায় তিনি হাইকোর্ট থেকে বের হলে কাকরাইল এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
উল্লেখ্য, ২০১৫ সালে হবিগঞ্জ কারাগারে জি কে গউছকে ছুরিকাঘাতের ঘটনায় হবিগঞ্জ কারাগারের তৎকালীন জেলার মো শামীম ইকবাল বাদি হয়ে হামলাকারী বন্দি ইলিয়াছকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ নভেম্বর আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার তৎকালীন এসআই সাহিদ মিয়া। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ২০ জুলাই হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো আবদুল আলীম জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের সালেহ আহাম্মদ কনার ছেলে ইলিয়াছকে দেড় বছরের কারাদণ্ড দেন।