সাচনাবাজার স্বাস্থ্যকেন্দ্র সংস্কার বা নির্মাণ করে আবার চালুর দাবি

প্রকাশিত August 31, 2021
সাচনাবাজার স্বাস্থ্যকেন্দ্র সংস্কার বা নির্মাণ করে আবার চালুর দাবি

জামালগঞ্জ প্রতিনিধি : অযত্ন-অবহেলায় পড়ে থাকা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার বা নতুনভাবে নির্মাণ করে আবার চালুর দাবি জোরদার হয়ে উঠেছে।
‘সাচনা ডিসপেনসারি’ নমে পরচিত এই স্বাস্থ্যকেন্দ্রটি ১৯৭৭ সাল পর্যন্ত জামালগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর সাধারণ রোগের চিকিৎসার একমাত্র অবলম্বন ছিল। সর্বশেষ ডাক্তার ছিলেন গিষপতি নন্দন চৌধুরী আর সর্বশেষ কম্পাউন্ডার গোপেন্দ্র আচার্য। ১৯৩৫ সাল থেকে ১৯৪০ সালের মধ্যে এই সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাকে দুই ভাগ করে রেখেছে সুরমা নদী। সুরমার পশ্চিমপারে রয়েছে, উপজেলা প্রশাসনসহ জামালগঞ্জ সদর, ফেনারবাঁক ও ভীমখালি ইউনিয়ন। অন্যদিকে পূর্বপারেও রয়েছে তিনটি ইউনিয়ন। এগুলো হলো, সাচনাবাজার, বেহেলী ও জামালগঞ্জ উত্তর। এই তিন ইউনিয়নবাসী বিশেষ করে বৃদ্ধ, শিশু ও মহিলাদের খরস্রোতা নদী পাড়ি দিয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করা যেমনি কষ্টদায়ক তেমনি ঝুকিপূর্ণ।
তিন ইউনিয়নবাসীর দাবি, বর্তমানে প্রায় ব্যবহার অনুপযোগী পুরাতন স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার বা নতুনভাবে নির্মাণ করে সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু করা হোক।