বাংলাদেশ সাইবার জগতে বাংলা ভাষার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ই-মেইল এর ক্ষেত্রেও বাংলা ভাষা ও স্ক্রিপ্ট ব্যবহারের সুযোগ চেয়েছে।
একইসঙ্গে ইন্টারনেট দুনিয়ায় অ্যাপ্লিকেশন, ডিভাইস ও সিস্টেমগুলো যেনো স্থানীয় ভাষাবন্ধব হয় এবং এর ব্যবহার বাড়ে-খাত সংশ্লিষ্টরা সে দিকেও আলোকপাত করেছেন।
ইউনির্ভার্সেল একসেপ্টেন্স ডে ২০২৩ উপলক্ষে সোমবার রাজধানীর রমনার বিটিআরসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনের সম্মেলনের প্রথম দিন বক্তারা এমন দাবি তোলেন।
ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের সহযোগিতায় যৌথভাবে দেশে প্রথমবার এই অংশীজন সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম । ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর উদ্বোধন করেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে আইডিএন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার পিটিনান কুয়ারমর্নপাটানা আইকান প্রযুক্তিগত ওভারভিউয়ের জন্য ইমেল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু।
আলোচকবৃন্দ এবং অংশগ্রহণকারীরা কিছু সুপারিশ তুলে ধরেন। সেগুলো হলো ইন্টারনেট সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিকে খাপ খাইয়ে নিতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। স্মার্ট জনগণই এই শিল্পবিপ্লবকে সফল করবে। এক্ষেত্রে মাতৃভাষায় ইন্টারনেট ব্যবহার বাড়াতে হবে। ভাষার প্রতিবন্ধকতা দূর করতে মন্ত্রণালয়কে কাজ করতে হবে। ডটবাংলার বর্ণসঙ্কট দূর করার জন্য অচিরেই একটি বাংলাভাষার কন্টেন্ট ব্যাংক গঠন করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তি কারিকুলামগুলোকে আধুনিক ও মানসম্পন্ন করতে হবে। বিএনএনআরসি