সাংস্কৃতিক জাগরণে সকল অপশক্তি মোকাবিলার অঙ্গীকার সিলেটে গ্রাম থিয়েটার সম্মেলনে

প্রকাশিত August 11, 2023
সাংস্কৃতিক জাগরণে সকল অপশক্তি মোকাবিলার অঙ্গীকার সিলেটে গ্রাম থিয়েটার সম্মেলনে

সাংস্কৃতিক প্রতিবেদক : সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সকল অপশক্তিকে মোকাবিলা করার অঙ্গীকারে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১১ আগস্ট সকাল ১১টায় মহানগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস। গীতবিতান বাংলাদেশের শিল্পীদের জতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উদ্বোধক সহ অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টের ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দিন ও দেশের সাংস্কৃতিক জাগরণের প্রয়াত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বেধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী রজত কান্তি গুপ্ত। অতিথি ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি গীতিকবি শামসুল আলম সেলিম, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মোকাদ্দেস বাবুল, আবৃত্তি শিল্পী সংসদের সদস্য সচিব সুকান্ত গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার হেমাঙ্গ বিশ্বাস অঞ্চল হবিগঞ্জের সমন্বয়কারী ডা সুনীল বিশ্বাস ও সৈয়দ মুজতবা আলী অঞ্চল মৌলভীবাজারের সমন্বয়কারী গোবিন্দ রায় সুমন।
উদ্বোধনের পরপর বঙ্গবন্ধুকে নিবেদিত অধ্যাপক শামীমা চৌধুরীর গ্রন্থনায় আলেখ্য অনুষ্ঠান পরিবেশন করে থিয়েটার মুরারীচাঁদ, এমসি কলেজ সিলেট। কবিতা আবৃত্তি করে হবিগঞ্জ প্রতিক থিয়েটারের নাট্যশিল্পী পপি বাউড়ি।
পরে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়াকক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিলেট বিভাগীয় সমন্বয়কারী রজত কান্তি গুপ্তর সভাপতিত্বে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে চার জেলার সদস্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সাংগঠনিক বিভিন্ন রূপরেখা তুলে ধরেন হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলের সমন্বয়কারী ডা সুনীল বিশ্বাস ও সৈয়দ মুজতবা আলী অঞ্চলের সমন্বয়কারী গোবিন্দ রায় সুমন।
অধিবেশনে বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেটে নতুন আরও ৮টি সংগঠন যুক্ত হবে বলে প্রস্তাব গ্রহণ করা হয়।