সাংবাদিকরা কাজ করেন প্রশাসনের দৃষ্টি হিসেবে : সিলেট জেলা প্রেসক্লাবে জেলা প্রশাসক

প্রকাশিত January 14, 2023
সাংবাদিকরা কাজ করেন প্রশাসনের দৃষ্টি হিসেবে : সিলেট জেলা প্রেসক্লাবে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, সাংবাদিকরা প্রশাসনের দৃষ্টি হিসেবে কাজ করে থাকেন। তথ্য-উপাত্তসহ খবর তুলে এনে সহজ করে দেন প্রশাসনের কার্যক্রমকে। তাই পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার পাশাপাশি সকল দুর্যোগ-দুর্বিপাকে সাংবাদিকদের পাশে ছিলাম। পাশে আছি। পাশে থাকবো।
শনিবার সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সিলেট জেলা প্রেসক্লাব-মাহা ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে সদস্য, সদস্যদের সহধর্মিণী ও সন্তানদের ক্রীড়া পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চেীধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য, সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস।
প্রধান অতিথি জেলা প্রশাসক আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের সবসময় সজাগ থাকতে হয়। শতব্যস্ততার মাঝেও মানসিক ও শাীরিরক প্রশান্তির জন্য খেলাধুলা প্রয়োজন। সাংবাদিকদের সহধর্মিণী ও সন্তানদের জন্য এ অয়োজন খুবই ভাল উদ্যোগ। এ আয়োজনের ফলে সহকর্মীদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি পরিপূর্ণতা পাবে।
মো মজিবর রহমান বলেন, সিলেটের সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সম্পর্ক ও সমন্বয় চমৎকার। জেলা প্রশাসন সিলেটের উন্নয়নে জেলা প্রেসক্লাবের সঙ্গে একসঙ্গে কাজ করবে।
তিনি বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সাংবাদিকতা দেখতে চাই।
বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন সেলিম বলেন, সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে আছি। সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে ফ্যাশন হাউজ মাহা পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে।
তিনি জানান, ফ্যাশন হাউজ মাহা শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়, প্রতিবছর মেধাবী গরীব শিক্ষার্থীদেরও ৪/৫ লাখ টাকা সহায়তা দেয়। সাংবাদিকদের মেধাবী সন্তানদের পাশেও থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু বলেন, সাংবাদিকের লেখনিতে দেশ-সমাজ উপকৃত হয়। বাংলাদেশকে সোনার বাংলায় রূপ দিতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিক সমাজসহ সকলের সহযোগিতা লাগবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ বলেন, বিগত দুই বছরে সিলেট জেলা প্রেসক্লাব যে কর্মতৎপরতা দেখিয়েছে তার অন্যতম নেপথ্য কারিগর জেলা প্রশাসক মো মজিবর রহমান। তিনি করোনা পরিস্থিতি এবং শতাব্দির ভয়াবহ বন্যার সময়ও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। সকল প্রয়োজনে তার সহযোগিতা পেয়েছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা রাখি।
এছাড়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্তঃউপজেলা প্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি