সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, সাংবাদিকতা পেশা এমনিতেই অনেক চ্যালেঞ্জিং। আর নারীদের জন্য তা আরও বেশি চ্যালেঞ্জিং পেশা। কারণ নারীদেরকে ঘর-সংসার সামলে আর সামাজিক নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে কাজ করতে হয়।
বৃহস্পতিবার বিকেলে নবগঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, নারী সাংবাদিকদের ঐক্য বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলায় এবং সাংবাদিকতায় আগ্রহী নতুন প্রজন্মের জন্য সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব ফলপ্রসূ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সাংগঠনিকভাবে শক্তিশালী থাকলে সব প্রতিবন্ধকতা অতিক্রম করা যায়।
জেলা প্রশাসকের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি সিউজা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সহসভাপতি অমিতা সিনহা, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো ও কার্যনির্বাহী সদস্য শ্রাবণী তালুকদার।–সংবাদ বিজ্ঞপ্তি