সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল দাবিতে মানববন্ধন

প্রকাশিত May 26, 2024
সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির শিক্ষকরা মানববন্ধন করেছেন।
রবিবার, ২৬ মে (১২ জ্যৈষ্ঠ) সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সিকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
মানববন্ধনে সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়া বলেন, দেশী-বিদেশী নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত মানুষদের এই স্কিমের আওতায় আনা হয়েছে। এটা জাতির জন্য লজ্জাজনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নমুনা।
তিনি সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল করার দাবি জানান।
একই সঙ্গে হুশিয়ারি দেন, শিক্ষকদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বলেন, একটা জাতির উচ্চশিক্ষাকে ধ্বংস করা গেলে সেই জাতিকে পঙ্গু ও পশ্চাৎপদ করতে বেশি সময় লাগে না।
সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম. এম মাহবুব আলম বলেন, সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি করার মাধ্যমে জাতির বিবেক তথা জাতির উচ্চ-শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে।
অন্যান্য বক্তা অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অতিদ্রুত বাতিল করার আহ্বান জানান।
মানববন্ধন থেকে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।
আরও ঘোষণা করা হয়, আগামী ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি ও ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি শুরু করা হবে।