সরকার গঠন করলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে আওয়ামী লীগ : আব্দুল মোমেন

প্রকাশিত December 28, 2023
সরকার গঠন করলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে আওয়ামী লীগ : আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সুখে-শান্তিতে বসবাস করছে সকল ধর্ম ও বর্ণের জাতিগোষ্ঠী। বাঙালিই একমাত্র জাতি যে ভাষার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য ও মানবাধিকারের জন্য অকাতরে প্রাণ দিয়েছে।
তিনি রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আগামী ৭ জানুয়ারির নির্বাচনে প্রয়োগ করতেও আহ্বান জানিয়েছেন।
ড এ কে আব্দুল মোমেন জোর দিয়ে বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করবে। এটা কোন ফাঁকা বুলি নয়।
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর (১৩ পৌষ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখছিলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নিয়ে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি। এবার জননেত্রী শেখ হাসিনার ডাকে সোনার বাংলা গড়তে কাজ করবো।
নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য উপস্থিত নেতারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করার ঘোষণা দেন।
অন্যদের মধ্যে ব্কতব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সিলেট প্রেসবিটারিয়ান চার্চের পুরোহিত ডিকন নিঝুম সাংমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা মো এহসান উদ্দিন, পূজা উদযাপন কমিটি সিলেটের সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার পি কে চৌধুরী, বাংলাদেশ ইমাম সমিতি সিলেটের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া, ইসকন সিলেটের মহারাজ ভক্তি অদ্বৈত নবদ্বীপ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু প্রমুখ।
এর আগে সকালে ড এ কে আব্দুল মোমেন নির্বাচনী প্রচারণা শুরু করেন মহানগরীর কাজিরবাজার এলাকায়। এসময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পররাষ্ট্র মন্ত্রী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান।
এরপর প্রান্তিক নারী উদ্যোক্তাদের সঙ্গে ড এ কে আব্দুল মোমেন মতবিনিময় করেন।
তিনি সদর উপজেলার মোগলগাঁও, ফতেহপুর, লামাকাজী, কান্দিগাঁও ও জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালান।
সন্ধ্যা ৭টায় পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি