সরকার উন্নয়নের দোহাই দিয়ে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত March 28, 2024
সরকার উন্নয়নের দোহাই দিয়ে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ দিশেহারা। পবিত্র রমজান মাসেও সরকারের নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেট নিত্যপণ্যের মূল্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাই সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে সেহেরি করে রোজা রাখছে। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় নবীর সুন্নত খেজুর অনেকের ভাগ্যে জুটে না।
তিনি আরও বলেছেন, সরকার উন্নয়নের দোহাই দিয়ে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। অনেক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। ডলার না থাকায় পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার, ২৮মার্চ (১৪ চৈত্র) বিকেলে দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারা হলেও সরকার এর প্রতিবাদ করতে পারে না। সর্বোপরি এই ডামি ও অবৈধ সরকার দেশকে এক মহাসংকটে ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। তাই দেশকে বাঁচতে হলে, প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ডামি সারকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। অবৈধ সরকার ক্ষমতায় না থাকলে দেশে কোন সংকট থাকবে না।
এ সময় সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম ও জেলা যুবদল নেতা আবুল কাশেমসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি