বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশে কোনদিনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবেনা। হারানো গণতন্ত্র ফিরে আসাও অসম্ভব। তাই অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিশীরাতের অবৈধ সংসদ ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভেঙ্গে দিতে হবে।
তিনি আরও বলেছেন, এ সব দাবি আদায় করে ও সরকারকে বিদায় করতে যা যা করা প্রয়োজন দলের প্রতিটি নেতাকর্মীকে তাই করতে হবে।
শনিবার, ২৬ আগস্ট বিকেলে সিলেট মহানগরীর রেজিস্ট্রারি মাঠে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
শামসুজ্জামান দুদু সরকারকে ইঙ্গিত করে বলেন, সারা পৃথিবীতে তাদের মতো এমন নির্লজ্জ অর নেই। ক্ষমতায় টিকে থাকা আর লুটপাট করার জন্য তারা সব করতে পারে। পদত্যাগের কথা শুনলে ভীত হয়ে যায়। চেয়ারের মায়া ছাড়তে পারেনা। দেশবাসী জেগে উঠেছে। তাদেরকে পদত্যাগ করতেই হবে। এর বিকল্প নেই।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়াও জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশের পর রেজিস্ট্রারি মাঠ থেকে কালো পতাকা গণমিছিলে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ বিজ্ঞপ্তি