সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সর্বক্ষেত্রে সরকারের ভয়াবহ দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশের তরুণ সমাজ এখন দিশেহারা। ২০১৪ ও ২০১৮ সালে যারা নতুন ভোটার হয়েছিল সেই তরুণরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিসিএসসহ সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ার পরও প্রার্থীর আত্মীয়স্বজন বিরোধী মতের হলে তাদেরকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হচ্ছেনা। দেশে লাখ লাখ শিক্ষিত ও মেধাবী তরুণ কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত। এই মেধাবী তরুণদের বাঁচাতে হবে।
তিনি আরও বলেছেন, এই পরিস্থিতিতে একটি দেশ চলতে পারেনা। দেশের তরুণ সমাজ জেগে উঠেছে। আগামী ৯ জুলাই সিলেটের সর্বস্তরের তরুণরা সরকারের প্রতি অনাস্থা জানাবে।
দেশকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই ‘ফ্যাসিস্ট’ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।
শুক্রবার, ৭ জুলাই বিকেলে রবিবার সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে ক্বিনব্রিজের দক্ষিণপ্রান্তে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ২০০৮ সালের নির্বাচনের আগে ঘরে ঘরে চাকরি দেবে বলে তরুণ ভোটারদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখল করেছিল।
এ সময় উপস্থিত ছিলেন ইকবাল বাহার চৌধুরী, গোলাম রাব্বানী, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, জালাল খান, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, শাহীন আলম জয়, আলাউদ্দিন আলাই, সুমেল আহমদ চৌধুরী প্রমুখ।
এর আগে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শুরু হয়।সংবাদ বিজ্ঞপ্তি