আনসার আহমেদ উল্লাহ, লন্ডন : লন্ডন-ভিত্তিক গবেষণা সংস্থা স্টাডি সার্কেল বলেছে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবহন, কৃষি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে বর্তমান সরকারের সাফল্য অসামান্য বাংলাদেশকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে ‘বাংলাদেশ : অদম্য উন্নয়ন যাত্রা’ শীর্ষক এক সেমিনারে প্রকাশিত সাম্প্রতিক উন্নয়নের একটি পরিসংখ্যান প্রতিবেদন এ সম্ভাবনার কথা বলা হয়েছে।
সংস্থার চেয়ারপার্সন সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে হাউস অফ লর্ডসের অ্যাটলি অ্যান্ড রিড রুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড গওহর রিজভী।
তিনি বলেন, প্রতিবেদনটি বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নয়নের একটি অসাধারণ চিত্র তুলে ধরেছে। তবে এই অর্জনের জন্য সকলকে রাজনৈতিক স্থিতিশীলতা, ধারাবাহিকতা, ন্যায়সঙ্গত উন্নয়ন ও জনগণ কী চায় সেদিকে অবিচল দৃষ্টি রাখতে হবে।
প্রধান অতিথি ড গওহর রিজভী আরও বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের জন্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন আর বাংলাদেশে সেটা হয়েছে।
সৈয়দ মোজাম্মেল আলী তার সূচনা বক্তব্যে পরিসংখ্যান প্রতিবেদনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বর্তমান সরকারের উদ্যোগে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে; কিন্তু এই খবর দেশের বাইরে পৌঁছাচ্ছে না।
স্টাডি সার্কেলের উন্নয়ন পরিসংখ্যান প্রতিবেদনে বাংলাদেশের বেশিরভাগ সেক্টরের পরিসংখ্যানগত তথ্যের সংক্ষিপ্তসার তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, পরিবহন ও যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, কোভিড-১৯ মোকাবেলা, বিদ্যুৎ উৎপাদন, কৃষি, আবাসন, কর্মসংস্থান, বাণিজ্য ও শিল্প, ইপিজেড এবং ১০টি চলমান মেগা প্রকল্প।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রশংসা করে বক্তব্য রাখেন লর্ড পপট, রুশনারা আলী এমপি, ব্যারনেস উদ্দিন, বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
সংস্থার সমন্বয়ক জামাল আহমেদ খান ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিল্পী রুবাইয়াত জাহান ও রাজা কাশেফের দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।