সরকারি সহায়তায় মহানগরীতে বন্যার্ত ১৩ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে সিসিক

প্রকাশিত May 27, 2022
সরকারি সহায়তায় মহানগরীতে বন্যার্ত ১৩ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে সিসিক

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ হাজার পরিবারকে সিলেট সিটি করপোরেশন খাদ্য সহায়তা দিয়েছে।
সরকারি সহায়তায় গত ৩ দিনে বন্যার্তদের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
অতিবিৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে সিলেট। এতে মহানগরীর সুরমা তীরবর্তী ওয়ার্ডগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর উপচে বাসাবাড়ি পানিতে ঢুকে পড়ে। এ পরিস্থিতিতে খাদ্য সংকটও দেখা দেয়।
এই সংকট নিরসনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের সকল দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেন। তাতে গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবনার আলোকে সরকার চাল, ডাল, তেল ও মসলা জাতীয় খাদ্যপণ্যের একহাজারটি প্যাকেট ও ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়।
এই বরাদ্দ দিয়ে শুক্রবার পর্যন্ত ৩ দিনে মহানগরীর বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ার্ড ও বর্ধিত টুকেবাজারে সর্বমোট ১৩ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, খাদ্য সংকটে পড়া মানুষের কাছে সিসিক কাউন্সিলরদের মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। অবশ্য প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। তবে সরকারি সহায়তা আরও আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, খাদ্য সংকট নিরসন, স্বাস্থ্যসেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশগত উন্নয়নে সিসিক কাজ করে যাচ্ছে।
মেয়র সরকারের নির্দেশনা ও সহায়তায় প্রাকৃতিক এই দুর্যোগের ক্ষতি পুষিয়ে উঠতে সিলেট মহানগরের সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি