সিকৃবি সংবাদদাতা : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির উপাচার্য প্রফেসর ডা মো জামাল উদ্দিন ভূঞা বলেছেন, গবেষকদের সময়োপযোগী ও প্রয়োজনের নিরিখে গবেষণা প্রস্তাবনা তৈরি করতে হবে।
তিনি আশা প্রকাশ করেছেন, ডিজিটাল ব্যবস্থাপনা কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গবেষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সিকৃবি রিসার্চ সিস্টেম-সাউরেস আয়োজিত দু দিনব্যাপী ’ট্রেনিং কোর্স অন গ্র্যান্ট এপ্লিকেশন রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপাচার্য প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
রবিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে সাউরেস পরিচালক প্রফেসর ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও সহযোগী পরিচালক ড মুহাম্মদ মাহমুদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডা মো জামাল উদ্দিন ভূঞা।
প্রশিক্ষণ কর্মশালায় সিকৃবির প্রফেসর ও সহযোগী প্রফেসরসহ ১১৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।