সুবর্ণা হামিদ : অমর একুশের মাস ফেব্রুয়ারি। বাঙালি জাতির আত্মোপলব্ধির মাস ফেব্রুয়ারি। মহান স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জনের অন্তঃহীন প্রেরণার মাস ফেব্রুয়ারি। তাই বর্ষপরিক্রমায় ফেব্রুয়ারি মাস এলেই পথে-রাজপথে অযুত কণ্ঠে উচ্চারিত হয় ‘রাষ্ট্রভাষা অন্দোলনও করিলিরে বাঙালি-তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-আমি কি ভুলিতে পারি’ আর ‘মোদের গরব মোদের আশা-আ মরি বাংলা ভাষা’।
এই ভাষাকে ভিত্তি করেই জাতির স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠার স্বপ্নবোনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম। মুক্তিযুদ্ধ। লালসবুজের পতাকা অর্জন। আর এখন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের পথে। ফেব্রুয়ারি মাস এই পথচলায়ও সাহস আর শক্তি জোগায়।
এই উপলব্ধি থেকে এবারও সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ বর্ণমালার মিছিলে একুশের মাসকে বরণ করলো।
বুধবার সকালে জেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে বাংলা বর্ণমালায় সুশোভিত মিছিলটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা ও বাঙালির অস্তিত্বের স্মারক সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে যায়। সেখানে ব্যতিক্রমী এ কর্মসূচির প্রধান অতিথি জেলা প্রশাসক মো মজিবর রহমান, উদ্বোধক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আয়োজক সংগঠনের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাশ একুশের চেতনায় মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বরর্ণমালার মিছিলের সার্বিক পরিচালনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক কনোজ চক্রবর্তী বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ নাসির, ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব, প্রথমআলো বন্ধুসভা, সিলেটের সভাপতি অন্তর শ্যাম প্রমুখ। এছাড়াও সর্বস্তরের নাট্য ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।