সমাপ্ত হলো গ্রাম থিয়েটার সিলেট বিভাগের প্রাণের উন্মাদনায় বর্ণিল হয়ে উঠা লোকসংস্কৃতি উৎসব

প্রকাশিত April 1, 2022
সমাপ্ত হলো গ্রাম থিয়েটার সিলেট বিভাগের প্রাণের উন্মাদনায় বর্ণিল হয়ে উঠা লোকসংস্কৃতি উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক : বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত গ্রাম থিয়েটারের সিলেট বিভাগের ৩ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব শেষ হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশন, ঢাকার পৃষ্ঠপোষকতায় সিলেট মহানগরীর কিনব্রীজ ও আলী আমজাদের ঘড়ি সংলগ্ন এলাকা জুড়ে আয়োজিত উৎসবের সমাপনী দিন বৃহস্পতিবার রাত হাজার হাজার লোকের সমাগম আর প্রাণের উন্মাদনায় বর্ণিল হয়ে উঠে। মঞ্চ মাতান ভারত থেকে আগত শিল্পী মঞ্জশ্রী দাশ ও বিধান লস্কর। ঐতিহ্যবাহী লোকগানের সুরে মাতোয়ারা হয়ে উঠেন দর্শকরা। গানের সাথে চলতে থাকে গণ ধামাইল। সবমিলিয়ে আয়োজনটি প্রকৃত অর্থেই লোকউৎসবে রূপ নেয়।
সমাপনী দিনের আলোচনায় বক্তারা বলেন, তিন দিনের এই লোকউৎসব সিলেটবাসীর জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে রইলো। হাজার বছরের লোক ঐতিহ্য আর শেকড় সন্ধানী পরিবেশনাগুলো আগামীর প্রজন্মকে পরম্পরার শিক্ষা দিয়েছে, যা মানুষের প্রতি ভালোবাসা আর মানবিকতার বন্ধন আরো দৃঢ় করে তুলবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড লুতফুর রহমান লেবু। বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়কারী রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও এম এ জি ওসমানী অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ সাইমুম আনজুম ইভানের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞ্যাপন করেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না।
আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বাংলাদেশ ও ভারতের জানা অজানা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন।
এছাড়াও আমন্ত্রিত দলগুলোর হাতে উৎসব স্মারক তুলে দেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাশ, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাশ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের দপ্তর সম্পাদক জোবায়ের শিবলী ও সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু।
শেষদিনে রাই বিনোদিনী ধামাইল একাডেমি পরিবেশন করে ঐতিহ্যবাহী আইলাম্বর, এমকা পরিবেশনা করে ঐতিহ্যবাহী মনিপুর নৃত্য, চিরন্তনী বাংলা গানের দল মৌলভীবাজার পরিবেশন করে বাংলা লোকগান। সবশেষে ভারত থেকে আগত শিল্পী মঞ্জশ্রী দাশ ও বিধান লস্কর মঞ্চ মাতিয়ে তুলেন।