নিজস্ব প্রতিবেদক : যা অনুমান করা হয়েছিল শেষপর্যন্ত তাই ঘটলো। দলীয় অন্তর্দ্বন্দ্বে রাজনীতির বলি হলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুর হক চৌধুরী। দলের জেলা সভাপতির পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন স্পষ্ট হলো, কাউন্সিল স্থগিত হওয়ার পরও প্রার্থীতা প্রত্যাহারের সময় কেন আজ বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এ নিয়ে সকালে খবরসবর ডট কম একটি প্রতিবেদন প্রকাশ করে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর কুমারপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আহুত সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী আসন্ন কাউন্সিলে সভাপতির পদ থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নীতিনির্ধারণী বহু জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ব্যক্তির চেয়ে অবশ্যই অতীব গুরুত্বপূর্ণ। তার আদর্শিক চেতনার নেতা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে গেছেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। এই মতের বাইরে তিনি যেতে পারেন না।
মেয়র উল্লেখ করেন, দলের শীর্ষনেতৃত্ব মনে করেছেন, একজন মেয়র হয়ে সিলেট মহানগরীর উন্নয়নে মনোনিবেশ করে দলের বৃহত্তর স্বার্থে বড় কোনো কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি তাকে অনেক দিয়েছে, একজন জাগোদল সমর্থক হতে ছাত্রদল কর্মী হয়ে আজকের মেয়র। তার শক্তি ও সাহসের বাতিঘর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
তিনি সিলেট জেলা বিএনপির আওতাধীন প্রতিটি স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের ভালোবাসার প্রতিদান নেই, হতে পারে না। এর উত্তরে আমার বার্তা-বিএনপি ছাড়া আমার কোন রাজনৈতিক দল নেই, বিএনপির কর্মী হয়ে সারাজীবন থাকতে চাই’।
আরিফুল হক চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাদের স্মরণ করেন এবং নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মেয়র বলেন, ‘ছাত্রদল থেকে শুরু করে নানা চড়াই উতরাই পেরিয়ে আজ আমি বিএনপি কর্মী। তৃণমূল আমার চলার সাথী। সারাদেশে যখন বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠনে দিনরাত অতিবাহিত করছে, তখন গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণকারী ফ্যাসিস্ট বাকশালী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ে শামিল থাকা এক খাঁটি বিএনপি কর্মী হিসেবে সভাপতি পদে নির্বাচন করতে সিদ্ধান্ত নেই। মাত্র এক সপ্তাহের পদচারণায় সাংগঠনিক এলাকাসমূহে প্রাণচাঞ্চল্যের তৈরি হয়। তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সাড়া যেনো অগ্রহায়ণে নবাহ্ন উৎসবে রূপ নেয়।’
আরিফুল হক চৌধুরীর এ বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে, তিনি দলকে আরও বেশি কিছু দিতেই জেলা সভাপতি পদ নিতে চেয়েছিলেন; কিন্তু দল দিতে রাজি নয়। তাই কায়দা করে কিংবা বেকায়দায় পড়েই হোক তাকে সরে দাঁড়াতে হলো। তিনি মেয়র পদে থেকেও জেলা সভাপতি দায়িত্ব পালনের মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে এখনকার চেয়ে বেশি ভূমিকা যে রাখতে পারতেন তা বলার অপেক্ষা রাখেনা। দলও তা জানে। তবু গ্রহণ করলোনা।