সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, সব ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
রবিবার, ১৫ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজে সার্বিক সহায়তা করতে হবে।
জেলার সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যে তুলনামূলক প্রতিবেদন দিতে তিনি নির্দেশনা প্রদান করেন। পিআইডি সিলেট