সবুজ ধানের শীষে দোল খাচ্ছে হাওরপাড়ের জনপদ শাল্লার লক্ষাধিক কৃষকের স্বপ্ন

প্রকাশিত March 11, 2024
সবুজ ধানের শীষে দোল খাচ্ছে হাওরপাড়ের জনপদ শাল্লার লক্ষাধিক কৃষকের স্বপ্ন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা সহ আশেপাশের উপজেলায় হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। দখিনা হাওয়ার তালে ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর মাত্র কয়েকদিন। এর পরই সোনার ধান গোলায় উঠবে।
অন্যান্য উপজেলার কৃষকদের মতো শাল্লার লক্ষাধিক কৃষকও আশা করছেন, প্রকৃতি অনুকূলে থাকলে এপ্রিলের প্রথম দিকেই আগাম জাতের বোরোধান কাটা শুরু করা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, প্রকৃতি অনুকূলে থাকায় এবার অন্যান্য বছরের তুলনায় শাল্লায় বোরোধানের আবাদ বেশি হয়েছে।
বাম্পার ফলনের আশা করে তিনি আরও জানান, এবার কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ৪টি ইউনিয়নের কৃষাণ-কৃষাণিদের নিয়ে ধানের রোগ বালাই ও পোকামাকড় দমন বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করায় ধানে রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায়নি।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সুনামগঞ্জ জেলার বোরো ফসল দিয়ে জাতীয় খাদ্য চাহিদার ১২ থেকে ১৩ ভাগ পূরণ হয়। শাল্লা উপজেলায় এবার ১ লাখ ৪৩ হাজার ৩২৮ টন ধান পাওয়া যাবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো রিপন আলী জানান, বোরো ফসলের সুরক্ষায় এবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে শাল্লায় ১৩১ প্রকল্পের জন্যে পিআইসি গঠন করা হয়। ইতোমধ্যে বাঁধের কাজ সম্পন্ন হয়ে গেছে।