সবাই জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে : পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত December 2, 2023
সবাই জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে : পররাষ্ট্র মন্ত্রী

সিলেট মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড নেতৃবৃন্দের সঙ্গে সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন মতবিনিময় করেছেন।
শনিবার, ২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মহানগরীর ধোপাদিঘির পাড়ে হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন, বরাবরের মতো এবারও সবাই জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। মর্যাদাপূর্ণ এ আসনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আসবে। তাই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আদর্শ নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি আরও বলেছেন, ভোটাদের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ‘নৌকা’র বিজয় সুনিশ্চিত করতে হবে।
পররাষ্ট্র মন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা চান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ভোটারের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে ‘নৌকা’র বিজয়মালা ছিনিয়ে আনার অঙ্গীকার করেন।
পররাষ্ট্র মন্ত্রী নেতাকর্মীদের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো ফয়জুল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সাহা, আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, কৃষি সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি