সবাইকে নিয়ে সিলেটে ইতিবাচক পরিবর্তন আনতে চান সিসিক মেয়র আনোয়ারুজ্জামান

প্রকাশিত August 9, 2023
সবাইকে নিয়ে সিলেটে ইতিবাচক পরিবর্তন আনতে চান সিসিক মেয়র আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটকে এগিয়ে নিতে সকল মহলের সহযোগিতা প্রয়োজন। সংস্কৃতি অঙ্গনের মানুষজন বরাবরই যেকোন পরিবর্তনে সামনের কাতারে থাকেন। তিনি সিলেটের সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্ত আনতে চান। এক্ষেত্রেও সংস্কৃতিকর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেছেন, কল্যাণকর পরিবর্তনে গণমাধ্যম হিসেবে বেতারের ভূমিকা অগ্রগণ্য। বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক শিল্প-সংস্কৃতির বিকাশে প্রশংসনীয় ভূমিকা রাখছে। আগামীর পরিবর্তিত সিলেটের জন্যে আরও অবদান রাখতে হবে।
মেয়র বলেন, সিলেটের লোক-সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বহির্বিশ্বেও এর যেমনি সুনাম তেমনি জনপ্রিয়তা রয়েছে। তৃণমূল পর্যায়ের সাংস্কৃতিক প্রতিভার অন্বেষণ প্রয়োজন। বাংলাদেশ বেতারকে এ দায়িত্ব নিতে হবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী বুধবার, ৯ আগস্ট দুপুরে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এ সময় সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক, অন্যান্য কর্মকর্তা, অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মীরা কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মেয়রকে অবহিত করেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী প্রত্যেকের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড হিমাদ্রি শেখর রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট বেতারের উপ আঞ্চলিক পরিচালক তারেক জহিরুল হক, পবিত্র কুমার দাশ, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, মো দেলওয়ার হোসেন, সহকারী বেতার প্রকৌশলী মেহরাজ আহমেদ, নাট্য সংগঠক এনামুল মুনীর, সাংবাদিক সাজলু লস্কর, সংস্কৃতিকর্মী মোহাম্মদ বাদশা গাজী ও অন্যরা।