সন্ত্রাসী দল বিএনপিকে সিলেটবাসী প্রত্যাখ্যান করেছেন : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত October 29, 2023
সন্ত্রাসী দল বিএনপিকে সিলেটবাসী প্রত্যাখ্যান করেছেন : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বিএনপি যে একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেছেন, তারা মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। পুলিশের উপর আক্রমণ করে হত্যা করেছে একজন পুলিশ সদস্যকে। কয়েকজনকে করেছে আহত। এরপর আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।
সিলেটবাসী বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছেন বলে মেয়র উল্লেখ করেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রবিবার, ২৯ অক্টোবর সকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, বিএনপি-জামাতের ডাকা আজকের হরতাল বাংলাদেশের মানুষ মানেনা। তাই হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।
মেয়র বলেন, দেশের সাধারণ মানুষ সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। বিএনপি-জামাত দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপচেষ্টা চালাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার। সবাই মিলে এই চক্রান্ত প্রতিহত করবো। এদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে।
শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিলেট জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি