সন্তান পাওয়ার পরদিনই পিতা নিখোঁজ || মরদেহ মিললো দু’দিন পর চা বাগানে

প্রকাশিত November 21, 2023
সন্তান পাওয়ার পরদিনই পিতা নিখোঁজ || মরদেহ মিললো দু’দিন পর চা বাগানে

বিশেষ প্রতিবেদক : সিলেট মহানগরীর আলীবাহার চা বাগান থেকে সীতেশ চন্দ্র গোপ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশ মঙ্গলবার, ২১ নভেম্বর দুপুরে মরদেহটি উদ্ধার করে।
সীতেশ চন্দ্র গোপ হবিগঞ্জ সদরের ঘোষপাড়ার রাখাল চন্দ্র গোপের ছেলে। গত ১৬ নভেম্বর তিনি গর্ভবতী স্ত্রীকে সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। ১৮ নভেম্বর সফল অস্ত্রোপচারে তার সন্তান আসে পৃথিবীতে; কিন্তু পরদিন সন্ধ্যা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শেষপর্যন্ত স্বজনরা জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মঙ্গলবার আলী বাহার চা বাগান এলাকার লোকজন বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার (বিমানবন্দর জোন) জহিরুল ইসলাম ও বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা। সীতেশ চন্দ্র গোপের ভাই গোপেশ চন্দ্র গোপ মরদেহ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য তা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।