সাইফুল ইসলাম সুমন, জুড়ী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি-জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে দেশে অশান্তি সৃষ্টি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে; কিন্তু ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যার বিকল্প নেই।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর সকালে মৌলভীবাজারের জুড়ীতে ২ কোটি ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ টাকা ব্যয়ে পশ্চিম জুড়ী ইউনিয়নের খালেরমুখ বাজার-হাকালুকি হাওর রাস্তায় জুড়ী নদীর উপর নবনির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে; কিন্তু এই উন্নতি দেশী-বিদেশী অনেকেই সহ্য করতে পারছেনা। তাই সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ‘নৌকা’ মার্কার বিকল্প নেই।
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনফর আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, সাবেক ইউপি মেম্বার জমির আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি সাইরুল ইসলাম, আহমদ কামাল অহিদ, হাসান তারেক, ইউপি মেম্বার মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাশ, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।