নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।
তিনি আরও বলেছেন, নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবেনা। সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার অপপ্রচারে বিভ্রান্ত না হতে ভোটার সহ সকলের প্রতি আহ্বান জানান।
শনিবার, ৩০ ডিসেম্বর (১৫ পৌষ) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন বর্জনের আহ্বান বড় কোনো চ্যালেঞ্জ নয়। তবে নির্বাচন প্রতিহত করা বা ভোটারদেরকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক জায়গার ভোট আরেক জায়গায় না যাওয়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গ্রহণের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না। তবে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মো জাহাংগীর আলম। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সিলেট সার্কিট হাউসে সিলেট জেলার ৬ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।