সংকট উত্তরণে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী সমাধান খোঁজা উচিত : ড মোহাম্মদ জহিরুল হক

প্রকাশিত September 11, 2023
সংকট উত্তরণে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী সমাধান খোঁজা উচিত : ড মোহাম্মদ জহিরুল হক

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘যে কোনো সংকট উত্তরণে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী সমাধান খোঁজা উচিত। অর্থনীতি বিষয়ের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান সেই কাজটিই করে থাকে। পৃথিবীর সভ্যতার চাকা ঘুরছে অর্থনীতিকে ঘিরে। আমরা প্রতিনিয়ত নানা ধরনের পরিবর্তন মোকাবেলা করছি, যা অনেকাংশে অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত। অর্থনৈতিক ও বৈশ্বিক পরিবর্তন একই সূত্রে গাঁথা। এ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং দেশ, সমাজ ও বিশ্বকে সামনের দিকে নিয়ে যেতে অর্থনীতি বিষয়ে পণ্ডিত ও গ্র্যাজুয়েট খুবই প্রয়োজন। সারাবিশ্বে অর্থনীতির গ্র্যাজুয়েটদের চাহিদা প্রচুর। মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ সেই চাহিদার বিপরীতে নিরলস কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেছেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে এবং কৃতিত্বের সাথে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীরা এখান থেকে পাস করে দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার পরিচয় দিচ্ছেন।
এ বিভাগকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর বলেও উপাচার্য উল্লেখ করেছেন।
সোমবার, ১১ সেপ্টেম্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী ইকো ফেস্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী ও সমাপনীতে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট প্রফেসর ড মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট অন্নপূর্ণা দেবনাথ জুঁইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড মো তাহের বিল্লাল খলিফা এবং রেজিস্ট্রার তারেক ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রভাষক আমজাদ হোসেন, নওরোশ জাহান, ইকো ফেস্টের টাইটেল স্পন্সর এএইচজেড এসোসিয়েটসের রিজিওনাল ম্যানেজার এমইউ এলামনাই রনি রায়, প্রমুখ।
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ২৩ তম ব্যাচের নবীন বরণ এবং ১২, ১৩ ও ১৪ তম ব্যাচের বিদায় সংবর্ধনাও ছিল।
উল্লেখ্য, রবিবার সকালে কেক কেটে ও একটি জলপাই গাছের চারা রোপণ করে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমিক ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় ইনডোর ও আউটডোর স্পোর্টস।
শেষদিনে উন্মুক্ত প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইকো ফেস্ট শেষ হয়। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের স্পন্সর। সংবাদ বিজ্ঞপ্তি