শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত September 30, 2023
শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে চাঞ্চল্যকর পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ওসমান গনিকে (৩৪) গ্রেফতার করেছে।
গত ২৭ আগস্ট শ্রীমঙ্গল থানা পুলিশ রির্সোটের বৃষ্টিবিলাস কটেজের ২য় তলার ৫ নম্বর কক্ষের বিছানার উপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মাথা থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র‌্যাব ৯ এক তথ্য বিররণীতে জানিয়েছে, ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় র‌্যাবের একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার, ৩০ সেপ্টেম্বর (শুক্রবার দিনগত) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বচইড় (খলিল বাড়ী) এলাকার মো ইসমাইল মিয়ার ছেলে ওসমান গনিকে গ্রেফতারে সক্ষম হয় (৩৪)।
র‌্যাব-৯ অনুসন্ধানে জানতে পারে, শরীফুল ইসলাম একজন কার্টুন ব্যবসায়ী। গত ২৪ আগস্ট রাত অনুমান ১০টায় তিনি পরিচিত জনদের (আসামিদের) সঙ্গে বেড়ানোর জন্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা হতে রওয়ানা দেন এবং লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টিবিলাস কটেজের ২য় তলার ৫ নম্বর কক্ষে উঠেন।
গত ২৭ আগস্ট দুপুর ১২টায় তাদের কটেজ ত্যাগ করার কথা থাকলেও দুপুর আনুমানিক পৌণে ১২টায় রির্সোটের হাউজ কিপিং কক্ষের দরজায় দীর্ঘক্ষণ নক করে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় অবহিত করলে পুলিশ সেখানে পৌঁছে বিকল্প চাবি দিয়ে কক্ষের ভেতর ঢুকে শরীফুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
এছাড়া পুলিশ তল্লাশিকালে কটেজের দক্ষিণ পাশের জঙ্গল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি কাঠের টুকরো উদ্ধার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ জানিয়েছে।