নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকার ঘোষিত দেশের একমাত্র মৎস্য অভয়ারণ্য বাইক্কাবিল এবং জল ও বনভূমির পরিবেশ সুরক্ষায় উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ইউএসআইডি সহ ৩টি সংস্থা গত ১৫ সেপ্টেম্বর বিকেল থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ‘বাইক্কা বিল স্থায়ী জলাভূমি অভয়ারণ্যের সমতা ও সহব্যবস্থাপনা বিষয়ক নীতি নির্ধারণী’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে।
এতে মোট ৩টি অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেটিং স্টেবিলাইজেশন ফান্ড-সিএমএসএফ চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো নজিবুর রহমান। আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেটচেঞ্জ এন্ড ডেভলাপমেন্ট- আইসিসিসিএডির পরিচালক প্রফেসর সেলিমুল হকের সঞ্চালনায় সংলাপের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকার সংসদ সদস্য ড উপাধ্যক্ষ আব্দুস শহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীএমপি।
এর আগে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানান।
আলোচনায় দেশ ও বিদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সরকারের নীতি নির্ধারক পর্যায়ের প্রতিনিধি, বর্তমান ও সাবেক সচিব, যুগ্ম সচিব, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশ নেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি