নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ট্রেনের বিপুল পরিমাণ টিকেটসহ টিকেট কালোবাজারি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে।
এক তথ্য বিবরণীতে র্যাব ৯ জানায়, সাম্প্রতিক সময়ে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলায় রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। এ ধরনের খবর পেয়ে এসকল কালোবাজারিকে গ্রেফতারে র্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
আরও জানানো হয়, দীর্ঘদিন নজরদারিতে রাখার পর এরকম একটি সংঘবদ্ধ কালোবাজারি চক্রের সন্ধান পায় র্যাব ৯, সিলেট। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি আভিযানিক দল রবিবার, ২৫ জুন দুপুর অনুমান পৌণে ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া ইউনিয়নে মৌলভীবাজার সড়কের ৩ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মৌলভীবাজারে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাড়াউড়া ৩ নম্বর পুল এলাকার প্রাণকৃষ্ণ ভট্টাচার্য্যের ছেলে রানা ভট্টাচার্য্যকে (৩১) গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তার নিজের ব্যবহৃত স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল ফোন ও নগদ অর্থ। তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।