শ্রীমঙ্গলের চা বাগানে র‌্যাবের অভিযানে অস্ত্র ও প্রচুর মাদকসহ একজন আটক

প্রকাশিত May 27, 2024
শ্রীমঙ্গলের চা বাগানে র‌্যাবের অভিযানে অস্ত্র ও প্রচুর মাদকসহ একজন আটক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে অস্ত্র ও প্রচুর মাদকদ্রব্যসহ আলী হোসেন ওরফে দেলোয়ার নামের এক বাংলাদেশী-ব্রিটিশ নাগরিককে আটক করেছে।
সোমবার, ২৭ মে (১৩ জ্যৈষ্ঠ) র‌্যাব-৯ শ্রীমঙ্গল কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সহযোগীদের নিয়ে মাদক সেবনকালে আলী হোসেন ওরফে দেলোয়ারকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
এ সময় আলী হোসেন ওরফে দেলোয়ারের নিকট থেকে প্রায় ৪ হাজার ৪০০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশী মদ, ৩ বোতল ফেনসিডিল ও ২ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
আলী হোসেন ওরফে দেলোয়ার (৩২) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর এলাকার অধিবাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ পরিচালক উইং কমান্ডার মো মোমিনুল হক ও শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজসহ অন্যান্য কর্মকর্তা।