শ্রমিকরা ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হাতে এখনও চরম বৈষম্যের শিকার : মে দিবসে কাইয়ুম চৌধুরী

প্রকাশিত May 2, 2025
শ্রমিকরা ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হাতে এখনও চরম বৈষম্যের শিকার : মে দিবসে কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে যারা ফোকলা করে দিয়েছে, সেই ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হাতে দেশের শ্রমজীবী মানুষ এখনও চরম বৈষম্যের শিকার। রাষ্ট্রীয় সম্পদ লুট করে শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা না দিয়েই তারা পলায়নপর। এই অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সিলেট মহানগরীর মানিকপীর রোডে মালঞ্চ সেন্টারে জেলা শ্রমিক দল আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে গেলেও দেশের শ্রমিকরা এখন পর্যন্ত ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত। গণতন্ত্রহীনতা, দমন-পীড়ন ও শোষণমূলক ব্যবস্থার কারণে তাদের কণ্ঠরোধ করা হয়েছে। ৮ ঘণ্টা কাজের অধিকার, যা এক সময় শ্রমিকের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল, তা এখন অনিশ্চয়তার মুখে।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের ওপর নিপীড়ন ক্রমেই বাড়ছে। অথচ বিএনপি সবসময় শ্রমিক স্বার্থ রক্ষায় সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। এই সরকারের বিরুদ্ধে চলমান গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষের রক্তস্নাত ভূমিকা রয়েছে। এই আন্দোলনে বহু শ্রমিক শহীদ হয়েছেন। কেবল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়েই শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব।
বিএনপির জেলা সভাপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের প্রকৃত বন্ধু ছিলেন। তার শাসনামলে শ্রমিক কল্যাণে মজুরি নির্ধারণ, শ্রম আইন সংস্কার, কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিশেষ করে গার্মেন্টস খাতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।
সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আব্দুল মুকিত। সঞ্চালনা করেন, সদস্যসচিব নূরুল ইসলাম। এছাড়াও শ্রমিক নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি