হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা বলেছেন, উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তাই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’য় ভোট দিতে হবে।
বুধবার, ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় শাল্লা উপজেলার প্রতাপপুর বাজারে বাহারা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
ড জয়া সেনগুপ্তা শাল্লাবাসীর পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করে বলেন. এই এলাকায় নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতাপপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রসলাল দাসের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রান্টু লাল দাশের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুবক্কর সিদ্দিক, নিপেশ চন্দ্র দাস, ভুবন বৈষ্ণব, নিতাই চন্দ্র দাশ, তরুণী কান্ত দাস, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তকবীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিহির কান্তি রায় ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক মিহির রঞ্জন দাস।
বক্তারা বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের বিভিন্ন উদাহরণ তুলে ধরে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।