নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জনকল্যাণকে ব্রত করেই পথ চলেছেন। তাই তথাকথিত ওয়ান-ইলেভেনের সরকার তাকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর অপচেষ্টা চালিয়েছিল; কিন্তু জনকল্যাণমন্ত্রে দীক্ষা যার তাকে কোনভাবেই লক্ষ্যপথ থেকে বিচ্যুত করা যায় না।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে শনিবার বিকেলে হযরত শাহজালাল (র) দরগা মসজিদে জেলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, ২০০৭ সাল ছিল এক দুঃসহ কাল। বাংলাদেশে তখন অপশক্তির দুঃশাসন। দেশের রাজনীতিকে নতুন করে কলুষিত করার প্রয়াস চলে ২০০৭ ও ২০০৮ সালে। গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে রাষ্ট্রক্ষমতায় চেপে বসা শাসকগোষ্ঠী শাসনের নামে শুরু করে ত্রাসের রাজত্ব। ওয়ান-ইলেভেন নামের পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক নামের অপব্যবস্থায় জনজীবনে উঠে নাভিশ্বাস। দেশের রাজনৈতিক আকাশকে সত্যিকার অর্থেই দুর্যোগের মেঘ আচ্ছন্ন করে রেখেছিল। সেই দুর্বিষহ কালে ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। এতে আলোয় উদ্ভাসিত একটি ভোর অন্ধকারে ঢেকে গিয়েছিল।
আলোচনা করেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান।
মিলাদ ও দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সকল আন্দোলনের সকল শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত এবং শেখ হাসিনার নেক হায়াত ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।