বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, শেখ রাসেল বেঁচে থাকলে নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন।
বুধবার, ১৮ অক্টোবর সকাল ১০টায় সিলেটে ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত বিশেষ আলোচনা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, শিশু রাসেলের হৃদয়জুড়ে ছিল মানুষের জন্য ভালবাসা। তার স্বপ্ন ছিল বড় হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করা। দেশের রাষ্ট্রপতির সন্তান হয়েও জীবনযাপন ছিল একদম সাদামাটা। ঘাতকের বুলেট তাকে স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি।
তিনি বলেন, জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।
প্রধান অতিথি উল্লেখ করেন, মডেল মসজিদগুলোর সুযোগ-সুবিধা দেখলে সহজেই বুঝা যায়, প্রধানমন্ত্রী একটি বিশুদ্ধ ও মানবিক জাতি গঠনের উদ্যোগ নিয়েছেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুবিন আহমদ মবনু। সঞ্চালনায় ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের তাজুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি