শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সিলেট মহানগরীতে বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত

প্রকাশিত August 19, 2022
শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সিলেট মহানগরীতে বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারও শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সিলেট মহানগরীতে বিশাল ও বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন হিন্দু ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব উপলক্ষ্যে সিলেট সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের দু’দিনব্যাপী কর্মসূচির শেষদিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ এর আয়োজন করা হয়।
নগর পরিক্রমায় সব বয়সের নারী-পুরুষ-শিশু অংশগ্রহণ করেন।
মহানগরীর মির্জাজাঙ্গালে মনিপুরী রাজবাড়ি এলাকায় নগর পরিক্রমার উদ্বোধন করেন, সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের প্রধান চন্দ্রনাথানন্দজী মহারাজ। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সমাজসেবিকা সেলিনা মোমেন ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সদস্য সচিব জগদীশ চন্দ্র দাশ। এছাড়াও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে, সকাল সাড়ে ১১টায় ধর্মসভা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, রাত সাড়ে ৮টায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১০টায় শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান।
রাত ১২টা ১ মিনিটে প্রতি হিন্দুগৃহে ও দেবালয়ে ঊলুধ্বনি ও শঙ্খধ্বনিতে কর্মসূচি শেষ হবে।