সিলেটে আয়োজিত এক আলোচনা সভায় বক্তরা অভিমত ব্যক্ত করেছেন, বাংলাদেশ নানা সূচকে ব্যাপক অগ্রগতি হলেও ঘরে-বাইরে শিশুর ওপর সহিংসতা থেমে নেই। বাল্যবিয়ের পাশাপাশি নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদেরকে। তারা যাতে বাসযোগ্য দেশে বেড়ে উঠতে পারে সেজন্যে তাদের অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার, ২৪ আগস্ট দুপুরে সিলেট মহানগরীর দরগা গেইট এলাকায় একটি অভিজাত হোটেলে উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘শিশু নির্যাতন, শিশু অধিকার, বাল্যবিবাহ ও মাদকের অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
এতে বক্তারা বলেন, বাল্য বিয়েমুক্ত সিলেট ঘোষণার পরও এই কুপ্রথা থেমে নেই। এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য। সামাজিক সচেতনতা গড়ে তুলতেও সকলকে কাজ হবে।
ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়ার কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল দ্রংয়ের সভাপতিত্বে আলোসভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট ড রুহুল আমিন সরকার। প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মো মহিউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল রফিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম।
এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন ভিডিসি সভাপতি দিলু মিয়া, যুব প্রতিনিধি আমিরুল হক, শিশু ফোরাম সভাপতি ফাতেমা আক্তার, মারুফ আহমদ, গ্রাম উন্নয়ন সভাপতি আলাউদ্দিন প্রমুখ।
শুরুতে তথ্যচিত্রের মাধ্যমে গত ৫০ বছর ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়নে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সংবাদ বিজ্ঞপ্তি