নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, এক সময় আমরা মন খুলে মায়ের ভাষায় কথা বলতে পারতামনা, প্রাণ খুলে গান গাইতে পারতামনা, হাত খুলে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চা করতে পারতামনা। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে, মুক্তিযুদ্ধ করে, ত্রিশলাখ প্রাণ উৎসর্গ করে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। এক্ষেত্রে আমাদের শিল্পী-সাহিত্যিকদের অবদান কোন অংশে কম নয়। এখনও শিল্পীর তুলি, লেখকের কলম আর বাউলের একতারা আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় প্রেরণা জুগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধু যেমনি শিল্পী-সাহিত্যিকদের ভালবাসতেন তেমনি ভালবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাইতো সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুর ও সংলাপের মানুষদেরকে ভুলেননি। এত ব্যস্ততার মধ্যেও স্মরণে রেখে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আসলে দেশের সর্বস্তরের মানুষের প্রতি বঙ্গবন্ধুকন্যার দৃষ্টি রয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে ২০২১-২২ সালের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, এখনও এদেশে বসবাসকারী কিছু মানুষের মধ্যে স্বাধীনতার চেতনাবোধ জাগ্রত হয়নি। এই মানুষগুলোই বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, প্রবীণ কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস, সুবল চন্দ্র দাস, ইকবাল সাঁই, খোকন ফকির, বিরহী কালা, শাহেনুর রেজা, মালতি পাল, লাভলী রায়, বিরহী লাল প্রমুখ।
এছাড়া বাউল বশির উদ্দিন সরকার পদ্মাসেতু নিয়ে নিজের লেখা একটি গান গেয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেন।
সর্বমোট ৭২ জন শিল্পী, সুরকার, নাট্যশিল্পী, যন্ত্রশিল্পী ও অনুষ্ঠান উপস্থাপক অনুদান পেয়েছেন। এর মধ্যে ২৮ জনের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। প্রাপকদের প্রযুক্তিগত সমস্যার কারণে বাকি ৪৪ জনকে চেক দিতে হয়েছে। তবে আগামীতে সবাইকে অনলাইনে টাকা পাঠানো হবে।
একই সঙ্গে ১৯টি সংগঠনও অনুদান পেয়েছে।