শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করার চেষ্টা করবো : দিরাইয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশিত November 18, 2024
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করার চেষ্টা করবো : দিরাইয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,
হাওর অঞ্চলের মানুষ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিঁছিয়ে থাকার বিষয়টি তার জানা আছে। এসব সমস্যা দেখার জন্যই তিনি সুনামগঞ্জ এসেছেন। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক, কর্মকর্তা ও আবাসন সংকট নিরসনে তিনি কাজ করার চেষ্টা করবেন।
তিনি আবারও জানান, আগামী বছরের জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। তবে প্রাথমিক স্তরে খুব বেশি পরিবর্তন হবে না ।
সোমবার (১৮ নভেম্বর/৩ অগ্রহায়ণ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা এসব কথা বলেন।
পরিদর্শন শেষে অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে ‘শিক্ষা উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভায় যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।