শিক্ষা গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করবে এনইইউবি ও চেম্বার

প্রকাশিত October 8, 2023
শিক্ষা গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করবে এনইইউবি ও চেম্বার

সিলেট অঞ্চল তথা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন, পরামর্শ সেবা, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসসিসিআই ও নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ-এনইইউবি একযোগে কাজ করতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
শনিবার, ৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় সিলেট চেম্বার কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় এসসিসিআই সভাপতি তাহমিন আহমদ বলেন, নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ সিলেট বিভাগের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। সিলেটে উচ্চ শিক্ষার বিস্তারে এ শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি সিলেটের উন্নয়নে এ অঞ্চলের জন্য উপযোগী অর্থনৈতিক ও উৎপাদনশীল খাতসমূহ নিয়ে এনইইউবির বিভিন্ন বিভাগের গবেষণামূলক কাজ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বিনিময়ের আহবান জানান।
তিনি পর্যটন, চা শিল্প, টেক্সটাইল, কারিগরি ও বর্ডার ট্রেড ল বিষয়সহ সিলেটের জন্য সম্ভাবনাময় খাতসমূহ নিয়ে নতুন নতুন গবেষণাকর্ম ও বাস্তবিক শিক্ষা ব্যবস্থা চালুরও অনুরোধ রাখেন।
সিলেট চেম্বার সভাপতি বেকারত্ব দূরীকরণ ও সিলেটের তরুণ সমাজকে কাজে লাগাতে নর্থ ইস্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন সেক্টরভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহবান জানান।
তিনি আশা প্রকাশ করেন, সম্পাদিত সমঝোতা চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপের মাধ্যমে সিলেট চেম্বার হতে বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারবে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিলেটের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলোকে কাজে লাগাতে নর্থ-ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সিলেবাস প্রণয়নে ও শিক্ষার মান উন্নয়নের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসসিসিআই ও এনইইউবি যৌথভাবে কাজ করার মাধ্যমে সিলেটের শিক্ষা, গবেষণা, শিল্প, প্রযুক্তিগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন ইত্যাদি খাতে সিলেটকে এগিয়ে নিতে পারবে।
এছাড়া নর্থ-ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড শামীম আল আজিজ লেলিন।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষে সভাপতি তাহমিন আহমদ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি, এফবিসিসিআইর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক জিয়াউল হক, সরোয়ার হোসেন ছেদু, এনইইউবির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর মো হারুনুর রশীদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো মিজানুর রহমান, সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুক, উপসচিব সানু উদ্দিন রুবেল ও এক্সিকিউটিভ অফিসার মো শাহ্ আলম রাফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। সংবাদ বিজ্ঞপ্তি