আশরাফ আহমেদ, এমসি কলেজ : সিলেটের এমসি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র সাজ্জাদ আহমেদ নিখোঁজ হওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদ ও এম সি কলেজ রাষ্টবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে কলেজ ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ আল-ইমরানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, রাষ্টবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শামীমা চৌধুরী। তিনি কয়েকদিনের ব্যবধানে টিলাগড় থেকে মেধাবী ছাত্র সাজ্জাদ আহমেদ সহ দু জন নিখোঁজ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি নিখোঁজ সাজ্জাদ আহমেদের উদ্ধারে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এম সি কলেজ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুলের সঞ্চালনায় মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় পার্শ্ববর্তী শাপলাবাগ ২ নম্বর সড়ক থেকে কলেজে যাবার পথে হবিগঞ্জের পশ্চিম নোয়াগাঁওয়ের ইদ্রিস মিয়ার ছেলে সাজ্জাদ আহমেদ নিখোঁজ হয়।