শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ : সিলেটে শিক্ষামন্ত্রী দীপু মনি

প্রকাশিত September 27, 2023
শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ : সিলেটে শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, আজকের শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুদে খেলোয়াড়দের শিক্ষা-দীক্ষা ও খেলাধুলায় সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বুধবার, ২৭ সেপ্টেম্বর সকালে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো মহসিন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, অতিরিক্ত পুলিশ কমিশনার মো জোবায়েদুর রহমান পিপিএম-সেবা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান তপন কুমার সরকার, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান ড রমা বিজয় সরকার।
ক্রীড়াঙ্গনে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজেও ছিলেন একজন ক্রীড়াবিদ। তিনি ফুটবল, ভলিবল ও হকিসহ বিভিন্ন খেলায় পারদর্শী ছিলেন।
খেলাধুলায় জাতির পিতার ব্যাপক পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করে ডা দীপু মনি আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে বিশেষ অবদান রয়েছে সে সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্বাধীনতাকে বুকে ধারণ করে কঠিন অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর উপযোগী করে গড়ে ওঠার জন্যে তিনি আহ্বান জানান।
খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে হবে উল্লেখ করে ডা দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়তে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আগামী ১ অক্টোবর ৫ দিনের এ প্রতিযোগিতা শেষ হবে! সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ৪৯৬ জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। পিআইডি