জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো কামরুজ্জামান, এনডিসি বলেছেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতার বিকল্প নেই।
রবিবার, ২৮ জানুয়ারি (১৪ মাঘ) সকালে সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো আল-জুনায়েদ। আরও বক্তব্য রাখেন এএসপি সম্রাট তালুকদার, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো আব্দুল ওয়াদুদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম।
শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের ‘প্যারেন্টাল কন্ট্রোল’ চর্চার পরামর্শ দিয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক বলেন, একান্ত ব্যক্তিগত তথ্যাবলী অপরিচিতদের সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অচেনা কারও বন্ধু হওয়ার প্রস্তাব গ্রহণ করা যাবে না। কাউকে অপমানজনক বা ক্ষতিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। তবেই দেশে সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে উঠবে।
সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ভার্চুয়ালি কোন কিছুই প্রমাণ ছাড়া করা যায় না। তাই মিথ্যা সংবাদ, গুজব, সমাজ ও রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা সংক্রান্ত পোস্ট শেয়ার করার আগে এর সঠিকতা যাচাই করতে হবে। মনে রাখতে হবে, যেমনি নিজে নিরাপদ থাকবো তেমনি বন্ধুবান্ধব, পরিবার ও সমাজকে নিরাপদ রাখবো।
সেমিনারে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পিআইডি সিলেট